https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

School Girls Detained | স্কুলে যাওয়ার নাম করে রোহিণীতে ঘোরার প্ল্যান, শিবমন্দিরে পোশাক বদলাতেই ধরা পড়ল তিন ছাত্রী!

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক, শিলিগুড়ি: স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোনো। তারপর মাঝপথে পোশাক বদলে বন্ধুদের সাথে রোহিণীতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা! কিন্তু শেষরক্ষা হলো না। শিবমন্দির এলাকায় পোশাক বদলানোর সময়ই স্থানীয়দের তৎপরতায় ভেস্তে গেল তিন স্কুলছাত্রীর সেই পরিকল্পনা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।(School Girls Detained)

শিবমন্দিরে তুলকালাম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিন কিশোরী শিলিগুড়ির একটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বুধবার সকালে তারা যথারীতি বাড়ি থেকে স্কুলের ইউনিফর্ম পরেই বের হয়। কিন্তু স্কুলে না গিয়ে তারা শিবমন্দির এলাকায় এসে সুযোগ বুঝে স্কুলের পোশাক বদলে অন্য সাধারণ পোশাক পরে নেয়। তাদের উদ্দেশ্য ছিল রোহিণী পাহাড়ের দিকে ঘুরতে যাওয়া।

তবে শিবমন্দির এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। কিশোরীরা কোনো পাচারকারী চক্র বা বিপদে পড়েছে কি না, এই আশঙ্কায় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথায় অসংগতি মেলায় তড়িঘড়ি তাদের কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ।

অতীতেও স্কুল ফাঁকির রেকর্ড

পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এই তিন ছাত্রী প্রায়দিনই স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে শিবমন্দির এলাকায় পোশাক বদলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এই ছাত্রীরা অধিকাংশ সময়ই স্কুলে অনুপস্থিত থাকত। এমনকি নিখোঁজ ছাত্রীদের মধ্যে একজন এর আগেও একবার বাড়ি থেকে পালিয়ে আলিপুরদুয়ার চলে গিয়েছিল, যা পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) পর্যন্ত গড়ায়।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনজনের মধ্যে এক ছাত্রীকে তার বাবা প্রতিদিন নিয়ম করে মেডিকেল মোড়ে নামিয়ে দিয়ে যেতেন। কিন্তু বাবার চোখের আড়ালেই সে বাকি বন্ধুদের সাথে স্কুল ফাঁকির এই ছক সাজাত। আপাতত মাটিগাড়া থানার পুলিশ ওই তিন ছাত্রীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে।

অন্য ঘটনায় উদ্ধার আরও এক নাবালিকা

এদিকে শিবমন্দির এলাকাতেই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাবার সাথে অভিমান করে ঘোকসাডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিল ১৫ বছরের এক কিশোরী। মা মরা মেয়েটি তার বাবার সাথেই শিবমন্দির এলাকায় থাকত। বুধবার মেয়েটি নিখোঁজ হওয়ায় তার বাবা মাটিগাড়া থানায় ডায়েরি করেন। তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে ঘোকসাডাঙ্গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।