https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Illegal Liquor | বেআইনি মদ-গাঁজার ঠেক উচ্ছেদে রাজ্যজুড়ে বিশেষ অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: রাজ্যজুড়ে বেআইনি মদ, গাঁজা, চরস ও অন্যান্য মাদকদ্রব্যের ঠেকের বিরুদ্ধে আগামী দু’সপ্তাহ বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এই নির্দেশ দেন।(Illegal Liquor)

মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনার নেপথ্যে বেআইনি মদের ঠেক এবং মাদক ব্যবসার বড় ভূমিকা রয়েছে বলে তাঁর ধারণা। তিনি সাধারণ মানুষকে এই ধরনের বেআইনি আস্তানার খবর পুলিশকে জানানোর আহ্বান জানান।“যে জঘন্য অপরাধ হয়েছে, আমি মনে করি তার পিছনে বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস ও মাদকের বড় ভূমিকা আছে। আপনারা পুলিশকে এগুলোর খবর দিন।”

ডিজিপিকে বিশেষ অভিযানের নির্দেশ

অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত-সহ জেলা পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দু’সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালান। ব্যাটেলিয়নের জওয়ানদের কাজে লাগান, সিও-দের এক-একটি জেলার দায়িত্ব দিন। যত বেআইনি মদের ঠেক, গাঁজা বা চরসের আড্ডা আছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” তিনি জানান, সীমান্ত এলাকায় এসটিএফ নিয়মিত অভিযান চালালেও গ্রামীণ এলাকায় আরও সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারির পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও এই সামাজিক দূষণ সম্পূর্ণ উপড়ে ফেলার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

দুই পরিবারের পাশে থাকার বার্তা

বারুইপুরের নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল-এর পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে এবং সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়িতেই তাঁকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, নির্যাতিতা বালিকার পরিবারকেও সাহায্য করা হয়েছে। তবে সেই বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি। নির্যাতিতার পরিবারের দাবির ভিত্তিতেই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।