https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Sikkim Tunnel Accident | সিকিম টানেল দুর্ঘটনায় ডুয়ার্সে শোকের ছায়া, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা; নিখোঁজ একাধিক শ্রমিক

নিউজ ইউএপি  অনলাইন ডেস্ক | নাগরাকাটা

সিকিমে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া। মেটেলি ও নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগান ও গ্রামীণ এলাকা থেকে কাজের সন্ধানে সিকিমে যাওয়া একাধিক শ্রমিকের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।(Sikkim Tunnel Accident)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিলকোট, নাগেশ্বরী, ইনডং, মেটেলি, গ্রাসমোড় চা বাগান, খয়েরবাড়ি ও সুখানীবস্তী এলাকা থেকে কয়েকজন শ্রমিক টানেল নির্মাণের কাজে সিকিমে গিয়েছিলেন। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, তবে এখনও একাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার প্রশাসনের সহযোগিতায় তাঁদের পরিবারের সদস্যরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কিলকোট চা বাগানের ৩৮ বছরের বিকেশ্বর ওরাওঁ জীবিকার সন্ধানে মাস দুয়েক আগে সিকিমে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই স্ত্রী দেবিকা ও তিন সন্তানকে নিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একইভাবে শিবা লোহার, গ্র্যাব্রিয়েল টিগ্গাসহ আরও কয়েকজন শ্রমিকের কোনও নির্ভরযোগ্য খোঁজ এখনও পাওয়া যায়নি। 

কয়েকজন শ্রমিক টানেল নির্মাণের কাজে সিকিমে গিয়েছিলেন। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, তবে এখনও একাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার প্রশাসনের সহযোগিতায় তাঁদের পরিবারের সদস্যরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এদিকে, ইনডং চা বাগানের ৩১ বছরের শ্যাম ওরাওঁ-এর মৃত্যুর খবরও সামনে এসেছে। নাগরাকাটার সোমাপাড়ার বাসিন্দা বোলো ওরাওঁ-এর মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চা বাগানে কাজের অনিশ্চয়তা ও অনিয়মিত মজুরির কারণে বহু যুবক বাধ্য হয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন।

এছাড়াও সুখানীবস্তীর অর্জুন সাঁওতাল এবং গ্রাসমোড় চা বাগানের আনন্দ টোপনোর এখনও কোনও খোঁজ মেলেনি। পরিবারগুলি উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের কাছ থেকে নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।

ঘটনায় শোকপ্রকাশ করে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগা জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে তিনি রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।