https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Nagen Ray | নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তীব্র সমালোচনার মুখে নগেন রায়, দায় এড়াল বিজেপি

নিউজ ইউএপি অনলাইন ডেস্ক | কোচবিহার 

দেশপ্রেমের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায়। আজাদ হিন্দ ফৌজের গঠন এবং নেতাজির ভূমিকা সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে কোচবিহার-সহ রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিজেপি নেতৃত্বও তাঁর মন্তব্যকে দলীয় অবস্থান নয় বলে জানিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে।(Nagen Ray )

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগেন রায় দাবি করেন, আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা মূলত ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। পাশাপাশি তিনি নেতাজির পরিবার ও আজাদ হিন্দ ফৌজ গঠন প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া তাঁর দাবি, তৎকালীন কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণের হস্তক্ষেপেই আজাদ হিন্দ ফৌজের সেনারা মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন। এমনকি তিনি বলেন, মহারাজা যদি ভারতের সম্রাট হতেন, তবে দেশভাগের প্রয়োজন হতো না।

এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, “উনি যা বলেছেন, তা কখনও দলের বক্তব্য নয়। এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে।”

বিজেপির এই অবস্থানের পর বিরোধী রাজনৈতিক দলগুলোও সরব হয়েছে। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ককে নিয়ে এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সিপিএম নেতা শুভ্রালোক দাসের দাবি, এ ধরনের মন্তব্যের জন্য বিজেপির উচিত সংশ্লিষ্ট সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন, ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজন রয়েছে নগেন রায়ের।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের পরিচয় ও বিভিন্ন মন্তব্যকে ঘিরে অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নগেন রায়। এবার নেতাজিকে নিয়ে তাঁর মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।