https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Kalimpong |কালিম্পঙের আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর কপ্টারের, খারাপ আবহাওয়ায় বাতিল অবতরণের চেষ্টা

নিউজ ইউএপি অনলাইন ডেস্ক, শিলিগুড়ি: পাহাড়ে খারাপ আবহাওয়ার কারণে কালিম্পঙে অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মঙ্গলবার কালিম্পঙের উদ্দেশে রওনা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটে কপ্টারটি। দু’দফায় অবতরণের চেষ্টা করা হলেও পরিস্থিতি অনুকূল না থাকায় শেষ পর্যন্ত ঝুঁকি নেওয়া হয়নি।(Kalimpong)

প্রথমবার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফের চেষ্টা করা হয়। দ্বিতীয়বারও পরিস্থিতির উন্নতি না হওয়ায় হেলিকপ্টারটি ঘুরিয়ে সমতলের দিকে ফিরিয়ে আনা হয়। পরে উত্তরকন্যার পাশে ভিডিয়োকনের মাঠে কপ্টারটি অবতরণ করে। সেখান থেকে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় যান।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কালিম্পঙে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কালিম্পং টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার কর্মসূচি ছিল। পাশাপাশি প্রশাসনিক বৈঠকও হওয়ার কথা ছিল।

তবে পাহাড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে কালিম্পঙের কর্মসূচি উত্তরকন্যা থেকেই ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

এ দিন উত্তরকন্যাতেও মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে কালিম্পঙে অবতরণ সম্ভব না হওয়ায় উত্তরকন্যা থেকেই প্রশাসনিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

পাহাড়ি এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে হেলিকপ্টার অবতরণে ঝুঁকি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই কপ্টারটিকে সমতলে ফিরিয়ে আনা হয়।