ইউটিউব দেখে হাতে-কলমে শিক্ষা! মাত্র চার দিনে তিন ফুটের দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগাল চাঁচলের ষষ্ঠ শ্রেণির ছাত্র
নিউজ ইউএপি অনলাইন ডেস্ক, সামসী: মোবাইলের স্ক্রিনে শুধু বিনোদন নয়, ইউটিউব থেকেই প্রতিমা তৈরির কৌশল শিখে নিজের হাতে দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চাঁচলের এক খুদে শিল্পী। মাত্র চার দিনে প্রায় তিন ফুটের দুর্গাপ্রতিমা তৈরি করেছে চাঁচল সদরের বামুনপাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্র ত্রিদিব সুর। পুজোর মুখে তার হাতে তৈরি মৃন্ময়ী দশভুজা এখন স্থানীয়দের নজর কেড়েছে।(Tridib Sur)
ত্রিদিব চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা পরিমল সুর সাধারণ ব্যবসায়ী এবং মা গৃহবধূ। পরিবারের কেউ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত না থাকলেও ছোট থেকেই মাটি নিয়ে কাজ করার প্রতি ত্রিদিবের বিশেষ আগ্রহ ছিল। সেই শখই ধীরে ধীরে পরিণত হয়েছে শিল্পচর্চায়।
স্থানীয় কুমোরটুলিতে গিয়ে প্রতিমা তৈরির কাজ কাছ থেকে দেখেছে ত্রিদিব। পাশাপাশি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে মূর্তি গড়ার কৌশল শেখার চেষ্টা করেছে। এর আগে ছোটখাটো দেবদেবীর মূর্তি তৈরি করলেও এবারই প্রথম নিজের হাতে সম্পূর্ণ দুর্গাপ্রতিমা তৈরি করল সে।
প্রায় তিন ফুট উচ্চতার প্রতিমাটির কাঠামো তৈরি থেকে শুরু করে মাটির প্রলেপ দেওয়া—সবটাই নিজের হাতে করেছে ত্রিদিব। মাত্র চার দিনের মধ্যেই প্রতিমার কাজ শেষ করে তাকে লাল শাড়ি, সাদা মুকুট ও নানা অলংকারে সাজিয়ে তুলেছে সে। দেবীর হাতে থাকা ত্রিশূলও নারকেল পাতার কাঠি দিয়ে তৈরি করেছে খুদে শিল্পী।
নিজের তৈরি প্রতিমা নিয়ে ত্রিদিব জানায়, ছোট থেকেই মাটি দিয়ে নানা জিনিস বানাতে তার ভালো লাগে। কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ দেখে তারও মা দুর্গার প্রতিমা বানানোর ইচ্ছা হয়। ইউটিউব দেখে অনেক কিছু শেখার পর প্রথমবার দুর্গাপ্রতিমা তৈরি করে সে খুব আনন্দিত। ভবিষ্যতে আরও বড় প্রতিমা তৈরির ইচ্ছাও রয়েছে তার।
ছেলের প্রতিভায় স্বাভাবিকভাবেই গর্বিত বাবা পরিমল সুর। তিনি জানান, তাঁদের পরিবারের কেউ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত নন। ছোট থেকেই ত্রিদিবের মাটি নিয়ে কাজ করার ঝোঁক ছিল এবং পরিবার কখনও তার এই শখে বাধা দেয়নি। এত কম সময়ে ছেলে এত সুন্দর প্রতিমা তৈরি করতে পারায় তাঁরা গর্বিত।
ত্রিদিবের পিসি নুপুর সুরও তার প্রতিভায় মুগ্ধ। তাঁর কথায়, প্রথমে মনে হয়েছিল ত্রিদিব হয়তো নিছক খেলাচ্ছলে মাটি দিয়ে কিছু তৈরি করছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, তার মধ্যে সত্যিই শিল্পীসত্তা রয়েছে।জানা গিয়েছে, মহাষষ্ঠীর দিন থেকেই সুর পরিবারে নিয়ম মেনে ত্রিদিবের হাতে তৈরি এই দুর্গাপ্রতিমাতেই পুজো হবে। শারদীয় উৎসবের আবহে খুদে শিল্পীর হাতে তৈরি মাটির দুর্গাকে ঘিরে পরিবার থেকে প্রতিবেশী—সবার মধ্যেই তৈরি হয়েছে বাড়তি উৎসাহ।
