নিউজ ইউএপি অনলাইন ডেস্ক, জলপাইগুড়ি:
চোখে জল নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তবে তাঁর এই কান্নাকে কোনওভাবেই সহানুভূতির চোখে দেখছেন না ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। বুধবার দলীয় কর্মসূচি ও ছাত্র সমাবেশে যোগ দিতে জলপাইগুড়িতে এসে এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীরের কান্নাকে সরাসরি ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ করেন তিনি।(Srijan Bhattacharya)
সম্প্রতি রেজিনগরে ভোটের নামে প্রহসন হয়েছে—এমন অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন হুমায়ুন কবীর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে চোখে জল চলে আসে তাঁর। একসময়ের কড়া মেজাজের নেতা হিসেবে পরিচিত হুমায়ুনের এই অবস্থান নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
হুমায়ুনের কান্না প্রসঙ্গে সৃজন ভট্টাচার্যের দাবি, এই চোখের জলের সঙ্গে গণতন্ত্র বা সাধারণ মানুষের প্রতি ভালোবাসার কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, এটি সম্পূর্ণ ‘কুম্ভীরাশ্রু’।
এর পাশাপাশি হুমায়ুন কবীরের বিরুদ্ধে একাধিক সময়ে উসকানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগও তোলেন সৃজন। তাঁর দাবি, এই ধরনের মন্তব্যের মাধ্যমে প্রকারান্তরে বিজেপিই সুবিধা পেয়েছে।
সৃজন আরও অভিযোগ করেন, বিজেপির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে না নামার জন্যই ভোটের দিন সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে হুমায়ুন কবীর নিজেকে ‘গ্যারেজ’ করে নিয়েছিলেন। যদিও সৃজনের এই সমস্ত অভিযোগের বিষয়ে হুমায়ুন কবীরের পাল্টা বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
সৃজন ভট্টাচার্যের মন্তব্য ঘিরে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে চর্চা।
