নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। তবে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।(Bank Account Freeze)
ইডির আইনজীবী এসভি রাজু আদালতে সওয়াল করেন, তৃণমূলের করা মামলার authorisation letter কোথায় এবং কার অনুমোদনের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, শুনানি শুরুর আগে সেই অনুমোদনের নথি পেশ করতে হবে।এর পরেই বিচারপতি কৃষ্ণা রাও কালীঘাট শিবিরের আইনজীবী কিশোর দত্ত-কে প্রশ্ন করেন, “Authorisation কী আছে? কীসের অধিকারের ভিত্তিতে মামলা?”
দলের সংবিধান চাইল ইডি
ইডির পক্ষ থেকে আরও দাবি করা হয়, মামলাকারী শিবিরকে দলের সংবিধান আদালতে জমা দিতে হবে। সেই নথি পেশ করার জন্য সময় চেয়েছেন কিশোর দত্ত।
কী নিয়ে বিতর্ক?
দলের প্রতীক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নিজেদের অধিকার দাবি করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। সেই প্রেক্ষাপটে কয়েকশো কোটি টাকা সম্বলিত তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।ওই মামলায় আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে তৃণমূল। আদালত স্পেশাল অফিসারের অনুমতিক্রমে দৈনন্দিন খরচ চালানোর জন্য তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দিয়েছে।
অন্তর্বর্তী নির্দেশ শীঘ্রই
জানা গিয়েছে, অন্তর্বর্তী নির্দেশ সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, শীঘ্রই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে।
ঋতব্রত শিবিরকে সওয়ালের সুযোগ নয়
সোমবারের শুনানিতে ঋতব্রত শিবির সওয়াল করতে চাইলেও আদালত তাৎক্ষণিক অনুমতি দেয়নি। বিচারপতির পর্যবেক্ষণ, “আগে শুনানির আবেদন করুক, পরে আদালত তা বিবেচনা করবে।”এদিন আলিপুর আদালতের ৭ জুলাইয়ের নির্দেশ নিয়েও সওয়াল করতে চেয়েছিল ঋতব্রত শিবির। ওই নির্দেশে তৃণমূলের নতুন কার্যকরী কমিটির কাজে এক মাসের জন্য হস্তক্ষেপে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে সেই বিষয়েও আপাতত শুনানি স্থগিত রাখা হয়েছে।
