নিউজ ইউএপি অনলাইন ডেস্ক |
রাজ্যে নতুন করে চালু হতে চলেছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে একাধিক ব্যক্তি ও পরিবার এই প্রকল্পের সুবিধার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে।(Mukhyamantri Swasthya Bima Yojana)
সরকারি নির্দেশিকা অনুযায়ী, যাঁদের পরিবারের বার্ষিক আয় ₹৮ লক্ষের বেশি, তাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। পাশাপাশি, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম (WBHS), সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (CGHS) বা কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনও স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় থাকা ব্যক্তি এবং সরকারি বা স্বশাসিত সংস্থার স্বাস্থ্যবিমার সুবিধাভোগীরাও এই প্রকল্পের আওতায় আসবেন না।
এছাড়াও নিয়মিত চিকিৎসা ভাতা (Medical Allowance) প্রাপকরা এই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না। ৭০ বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ নাগরিকদেরও এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)-এর সময় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে যাঁদের আবেদন এখনও ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে, তাঁরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন। একই নিয়ম নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
কী কী সুবিধা মিলবে?
এই প্রকল্পে অন্তর্ভুক্ত পরিবারগুলি বছরে ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। অর্থাৎ চিকিৎসার খরচের জন্য আলাদা করে রি-ইম্বার্সমেন্টের প্রয়োজন হবে না।
এছাড়া পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক স্বাস্থ্যবিমা কার্ড দেওয়া হবে। প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে আধারভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নাম নথিভুক্তকরণ, হাসপাতালে ভর্তি এবং ছুটি পাওয়ার সময় এই বায়োমেট্রিক যাচাই করতে হবে।
