https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Kolkata |কলকাতা থেকে এবার সরাসরি ডুয়ার্স বাস পরিষেবা, RUBI Paribahan-এর নতুন উদ্যোগে সহজ হবে উত্তরবঙ্গ সফর

News UAP Online Desk: দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গ ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। কলকাতা ও ডুয়ার্সের মধ্যে যাতায়াত আরও সহজ করতে নতুন এসি বাস পরিষেবা চালু করল RUBI Paribahan। সংস্থার উদ্যোগে শুরু হওয়া এই নতুন রুটের ফলে আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পৌঁছনো এখন আরও সুবিধাজনক হবে।(Kolkata)

বর্তমানে বর্ষার মরশুমে ডুয়ার্স তার অপরূপ সৌন্দর্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে ট্রেনের টিকিট না পাওয়ার সমস্যায় অনেকেই ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। সেই পরিস্থিতিতে এই নতুন বাস পরিষেবা পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সামনে এল।

জানা গিয়েছে, নতুন বাসটি আলিপুরদুয়ার-কলকাতা রুটে চলাচল করবে। বাসটি মাদারিহাট, বীরপাড়া, চালসা, লাটাগুড়ি এবং শিলিগুড়ি হয়ে কলকাতায় পৌঁছবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এই বাসে যাত্রীরা আরামদায়ক সফরের অভিজ্ঞতা পাবেন।

যদিও বাসের নির্দিষ্ট ছাড়ার সময় ও ভাড়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে পরিষেবা শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। কেউ লিখেছেন, “সমগ্র আলিপুরদুয়ারবাসীর কাছে এটা খুব ভালো পাওনা।” আবার অন্য একজনের মন্তব্য, “খুব ভালো উদ্যোগ। এটা খুব দরকার ছিল।”

এই নতুন বাস পরিষেবার মাধ্যমে কলকাতা থেকে সরাসরি ডুয়ার্সে পৌঁছে সহজেই গোরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প-সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঘুরে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।