নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক:সহকর্মী এক শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁর দিকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হকের পুত্র তথা বর্ধমানের বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কুন্তল হক। সোমবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।(School Headmaster)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই এক শিক্ষিকা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, স্কুলের হাজিরা খাতা স্টাফরুমে নিয়ে যাওয়া নিয়ে প্রধান শিক্ষক শেখ কুন্তল হকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেই সময় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাঁর দিকে একটি চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ। এতে তিনি আহত হন। পরে সহকর্মীরা তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
ঘটনার তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। তদন্তের পর শেখ কুন্তল হককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬(২) এবং ১১৫(২) ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হয়।
অন্যদিকে, শেখ কুন্তল হক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট শিক্ষিকা নিয়মিত স্কুলে উপস্থিত থাকতেন না। সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলাতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দিনের পর দিন স্কুলে না এলে কিছু বলা যাবে না? তিনি যদি মহিলা হওয়ার সুবিধা নেন, তাহলে কিছু বলার নেই।”
উল্লেখ্য, শেখ কুন্তল হকের বাবা সাইদুল হক প্রাক্তন সিপিএম সাংসদ। বাম আমলে তিনি পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।পূর্ব বর্ধমানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতা নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আহত শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে।ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।
