https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Calcutta High Court | এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আইনজীবীদের হেনস্তা, কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ক নিয়োগ দুর্নীতি মামলায় সওয়াল করার জেরে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়-এর চেম্বার ঘেরাও ও হেনস্তার ঘটনায় কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।(Calcutta High Court)

কী নিয়ে বিতর্ক?

শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে সুপারনিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। সেই মামলায় চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে আদালতে কড়া সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শুনানির সময় বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে বলেন, অতিরিক্ত শূন্যপদ কার নির্দেশে তৈরি হয়েছিল।

চেম্বার ঘেরাওয়ের অভিযোগ

এই পর্যবেক্ষণের পর চাকরিপ্রার্থীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হাইকোর্টে নিয়োগ মামলার অগ্রগতি না হওয়া নিয়ে প্রশ্ন তুলে বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি বিচারপতির সঙ্গে প্রবীণ আইনজীবীর ‘আঁতাঁত’ থাকার অভিযোগও তোলা হয় বলে জানা গিয়েছে।

বিশেষ বেঞ্চ গঠন

আইনজীবীদের চেম্বার ঘেরাও ও হেনস্তার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে হাইকোর্ট। আদালতের গরিমা ও আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় এবং তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়।

এই বেঞ্চে ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ

আইনজীবীদের প্রতিবাদ

ঘটনার প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীদের একটি বড় অংশ আদালত চত্বরে পাল্টা মিছিল করেন। বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আদালত সূত্রে আরও জানা গিয়েছে, বিশেষ বেঞ্চ অভিযুক্তদের প্রত্যেককে ২০০০ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে বলে দাবি করা হয়েছে।