নিউজ ইউএপি অনলাইন ডেস্ক | চ্যাংরাবান্ধা |
চলন্ত বাইকে আচমকাই আগুন লেগে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়াল কোচবিহারের চ্যাংরাবান্ধা এলাকায়। শুক্রবার গভীর রাতে চ্যাংরাবান্ধা বাইপাস সংলগ্ন একটি পেট্রোলপাম্পের কাছে এই ঘটনা ঘটে। তবে সময়মতো বাইক থেকে নেমে পড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান দুই আরোহী। যদিও মুহূর্তের মধ্যেই আগুনে সম্পূর্ণ পুড়ে যায় বাইকটি।(Fire Incident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারের দেওয়ানহাটের উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছিলেন জয়ন্ত বর্মন ও শুভঙ্কর দে সরকার। শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ তাঁরা চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায় পৌঁছতেই হঠাৎ বাইকের ইঞ্জিনের পাশ থেকে ধোঁয়া বের হতে দেখেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই যুবক দ্রুত চলন্ত বাইক থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। এরপরই বাইকটিতে ভয়াবহ আগুন ধরে যায়। স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাচক্রে ঘটনাস্থলের খুব কাছেই চ্যাংরাবান্ধা নাকা চেকপোস্ট থাকায় মেখলিগঞ্জ থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাইকটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।
