নিউজ ইউএপি অনলাইন ডেস্ক | মালদা
ক্যুরিয়ার সংস্থাকে ব্যবহার করে ভুয়ো নাম ও ঠিকানায় চোরাই মোবাইল পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। এই ঘটনার পর জেলার বিভিন্ন ক্যুরিয়ার সংস্থার সঙ্গে সমন্বয় রেখে নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।(Courier Fraud Mobile Smuggling)
পুলিশ সুপার অনুপম সিং জানান, গত মঙ্গলবার গোপন সূত্রে খবর আসে যে, একটি নামী ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে পাঠানো দুটি পার্সেলে চোরাই মোবাইল পাচার করা হচ্ছে। খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং সংশ্লিষ্ট ক্যুরিয়ার সংস্থার ডেলিভারি এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
তদন্তে জানা যায়, পার্সেল দুটিতে সুতি থানার বাসিন্দা ‘নাহিদ শেখ’-এর নাম ও একটি মোবাইল নম্বর দেওয়া থাকলেও, নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পুলিশ জানতে পারে নাম ও ঠিকানা সম্পূর্ণ ভুয়ো।
এরপর তদন্তকারীরা কৌশল অবলম্বন করে ডেলিভারি এজেন্টকে দিয়ে ওই নম্বরে ফোন করান। পার্সেল গ্রহণ করতে এলে হাতেনাতে ধরা পড়ে ‘সোহেল রানা’ নামে এক ব্যক্তি। পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকায়।
পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড় চোরাই মোবাইল পাচারচক্র জড়িত থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে জেলার ক্যুরিয়ার সংস্থাগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে মালদা জেলা পুলিশ।
