নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৪৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানা। সাইবার সেলের সহায়তায় গত এক বছরের অভিযোগের ভিত্তিতে এই সাফল্য পেয়েছে পুলিশ। দীর্ঘদিন পর নিজের ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ।(MobileRecovery)
হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাল শিলিগুড়ি পুলিশ। শুক্রবার প্রধাননগর থানার পর শনিবারও শিলিগুড়ি থানার তৎপরতায় মিলল বড় সাফল্য। গত এক বছরে শিলিগুড়ি থানা এলাকায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত এক বছরে শিলিগুড়ি থানা এলাকায় মোবাইল হারানো কিংবা চুরি যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সাইবার সেলের সহায়তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চালিয়ে মোট ৪৯টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে খালপাড়া ফাঁড়ি এলাকা থেকে ১১টি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ি এলাকা থেকে ১৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বাকি ফোনগুলি শিলিগুড়ি থানা এলাকার বিভিন্ন অংশ থেকে উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে শিলিগুড়ি থানায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রকৃত মালিকদের থানায় ডেকে তাঁদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন সসম্মানে হাতে তুলে দেন এসিপি রবীন থাপা।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রবীর দত্ত, পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি নির্মল দাস, খালপাড়া ফাঁড়ির ওসি সন্দীপ দত্ত-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই অত্যন্ত খুশি প্রকৃত মালিকরা। পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তাঁরা। শিলিগুড়ি পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীরাও।
