https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Siliguri Pub Controversy |পাবের জায়ন্ট স্ক্রিনে মন্ত্রীর ছবি দিয়ে জন্মদিনের উদযাপন! বিতর্কে শোরগোল, ভক্তিনগর থানায় ডেপুটেশন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: এক মন্ত্রীর সঙ্গে এক পাব মালিকের ছবি পাবের ভেতরে জায়ন্ট স্ক্রিনে প্রদর্শন করে জন্মদিন উদযাপনের ঘটনাকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ভক্তিনগর থানায় ডেপুটেশন জমা দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের দাবি, শহরের বিভিন্ন পাবের আড়ালে চলা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।(Siliguri Pub Controversy)

                                                                                               শনিবার সংগঠনের প্রতিনিধিরা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জমা দেন। ডেপুটেশন দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  সংগঠনের অন্যতম প্রতিনিধি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “জনৈক মন্ত্রীর ছবি ব্যবহার করে কিছু পাব মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি নিজেদের শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ক্ষমতার অপব্যবহার করে কী ধরনের কার্যকলাপ চলছে, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। আমরা এই ধরনের সংস্কৃতি বা দাদাগিরি কোনোভাবেই মেনে নেব না।”

সংগঠনের অভিযোগ, শহরের একাধিক পাব ও বারের আড়ালে নানা ধরনের অনৈতিক ও অবৈধ কার্যকলাপ চলছে, যা যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবিলম্বে এই ধরনের কার্যকলাপ বন্ধে কড়া নজরদারি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে শহরের রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পাব কর্তৃপক্ষ বা অভিযুক্ত মন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।