নিউজ ইউএপি অনলাইন ডেস্ক | বালুরঘাট
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অভিনব ‘রাত জাগো, দেশ জাগাও’ কর্মসূচির আয়োজন করল বামফ্রন্টের শরিক ছাত্র ও যুব সংগঠনগুলি।(Balurghat Left Protest)
বৃহস্পতিবার গভীর রাতে বালুরঘাট থানার সংলগ্ন এলাকায় শতাধিক ছাত্র-যুব কর্মী ও সমর্থক জড়ো হন। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি, ছাত্র আন্দোলনের উপর পুলিশি দমন এবং গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা একাধিক স্লোগান দেন।
বাম নেতৃত্বের অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের কণ্ঠরোধ করতেই দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জ চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
আন্দোলনকারীরা জানান, শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের উপর আঘাতের বিরুদ্ধে তাঁদের আন্দোলন আগামী দিনেও আরও বৃহত্তর আকারে চলবে। ছাত্রদের স্বার্থ রক্ষায় দেশজুড়ে প্রতিবাদ আরও জোরদার করারও হুঁশিয়ারি দেওয়া হয়।
অন্যদিকে, কর্মসূচিকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বালুরঘাট থানার সামনে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে কড়া নিরাপত্তার মধ্যেও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।
